MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১ হাজার ১৫৩ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন হামরোগীর সংখ্যা ১ হাজার ২৭ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া (কনফার্মড) হামরোগীর সংখ্যা ১২৬ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৮৫ জন রোগী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫...২৭৫ জন।
এদিকে মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত এই তিন মাসে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশে রেকর্ড ৫৫১ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছে আরও ৯২ জন শিশু।
বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।