Md. Ibrahim K Mridda| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
নেত্রকোনার পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়ন জামতলায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজ সকালে এ বিবাদ চরম পর্যায় পৌঁছে। সকালে বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারাল ছুরি দিয়ে বুকে ও কপালে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আফজাল হোসেন হৃদয়ের স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি জমা ভাগা ভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিল। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারাল অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি। কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। এদের নিয়ে আমি এখন কীভাবে চলব। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে