নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
ফেডারেল ব্যয় নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউজের আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্র সরকারি শাটডাউনের মুখে পড়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দলের কংগ্রেসনাল নেতাদের সঙ্গে বৈঠক করলেও কোনো অগ্রগতি হয়নি।
বৈঠকের পর স্পিকার মাইক জনসন ও সিনেট রিপাবলিকান নেতা জন থুনকে পাশে নিয়ে ভ্যান্স সাংবাদিকদের বলেন, “আমরা শাটডাউনের দিকে যাচ্ছি। কারণ ডেমোক্র্যাটরা সঠিক কাজটি করতে চাইছে না।” তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা সীমিত প্রভাব ব্যবহার করে সরকারকে জিম্মি করার চেষ্টা করছে।
চূড়ান্ত সময়সীমা বুধবার ভোর ১২টা ১ মিনিট। এর মধ্যে সমঝোতা না হলে সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যাবে এবং বহু ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে চলে যাবেন। রিপাবলিকানরা চান বর্তমান বাজেট বরাদ্দ আগামী ২১ নভেম্বর পর্যন্ত বহাল রাখতে। অন্যদিকে ডেমোক্র্যাট নেতারা (হাকিম জেফরিজ ও সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার) স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানো ও মেডিকেল সহায়তা কর্মসূচিতে কাটছাঁট প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। তাঁদের দাবি—ট্রাম্প প্রশাসনের আগের কাটছাঁটের কারণে নিম্ন আয়ের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিমার প্রিমিয়াম ২০২৬ সালের আগেই বেড়ে যাবে।
শুমার বলেন, উভয় পক্ষের প্রস্তাব না মানলে শাটডাউন ঠেকানো কঠিন হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন পর সরাসরি আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। “আমরা প্রেসিডেন্টকে স্বাস্থ্যসেবার বাস্তব প্রভাব বোঝালাম। মনে হয়েছে তিনি প্রথমবার বিষয়গুলো উপলব্ধি করছেন।” — বলেন শুমার।