MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং তাৎক্ষণিক চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে ‘ওপেন মাইক ১.০: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এডিশন’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘এনইউবি সেন্ট্রাল ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব’র উদ্যোগ এবং ‘টিম আরিফ খান’র যৌথ সক্রিয় তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই জমকালো আয়োজনে ক্লাব পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
গতকাল শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১০৫ নম্বর সেমিনার রুমে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের মেন্টর সাইফুন্নাহার সুমিত শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বর্তমান করপোরেট যুগে পাবলিক স্পিকিং দক্ষতার গুরুত্ব তুলে ধরে বলেন, "একজন দক্ষ বক্তা শুধু নিজের কথা বলতেই সক্ষম হন না, বরং সমাজে ও ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন।"
পরবর্তীতে ক্লাবের সভাপতি মোহাম্মদ ইয়াসিন প্রতিযোগিতার নিয়ম-কানুন তুলে ধরে সব প্রতিযোগীকে শুভেচ্ছা জানান। একই সাথে ক্লাবের সাধারণ সম্পাদক আবরার হোসাইন প্রতিযোগিতার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "ওপেন মাইক ১.০ কেবল একটি সাধারণ প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের নেতৃত্ব, যুক্তি উপস্থাপন এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশের একটি অন্যতম প্ল্যাটফর্ম।" পুরো অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ক্লাবের ইভেন্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ৪৮টি দলের আদলে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রিলিমিনারি রাউন্ডে লটারির মাধ্যমে প্রতিযোগীদের বক্তব্যের সমসাময়িক বিষয় নির্ধারণ করা হয়। তীব্র প্রতিযোগিতাপূর্ণ প্রথম রাউন্ড শেষে সেরা আটজন প্রতিযোগী সেমিফাইনালে উত্তীর্ণ হন। পরে একই প্রক্রিয়ায় সেমিফাইনাল থেকে নির্বাচিত সেরা পাঁচজন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের গৌরবময় সুযোগ লাভ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ যুক্তি, আত্মবিশ্বাস এবং চমৎকার বাচনভঙ্গির প্রদর্শন করেন, যা উপস্থিত শিক্ষক, বিচারকমণ্ডলী ও দর্শকদের করতালির মাধ্যমে প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানের শেষপর্যায়ে ক্লাবের সভাপতি মোহাম্মদ ইয়াসিন জানান, চূড়ান্ত পর্বের শীর্ষ ৫ বক্তার মধ্যে অন্যতম সেরা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন নর্দান ইউনিভার্সিটিতে ‘মাইকেল জ্যাকসন’ নামে সুপরিচিত তরুণ বিতার্কিক ও উদীয়মান বক্তা রাফিয়াদ মাহমুদ সিজয়।