MD ANIS | Times News 24 | Fast Online News Portal | সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:০০ এ এম
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে। আজ রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা পুলিশের আবেদন মঞ্জুর করে তাঁকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন ফাহিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক আমির হামজা।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, এই স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় পলাতক আসামিদের সাথে সন্দেহভাজন আসামি আর এস ফাহিম চৌধুরীর ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। সেই আবেদনের শুনানির জন্য আজ ফাহিমকে কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করলে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও অভিযোগ থেকে জানা যায়, আর এস ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। এই মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিরা মিলে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা পার্কের ভেতর এক গোপন ও ষড়যন্ত্রমূলক মিটিংয়ে মিলিত হন। মিটিং চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে এই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে সাধারণ জনতা ও একদল শিক্ষার্থী শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে ৩০ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।