MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
রাজধানীর দারুসসালাম এলাকার একটি পোশাক কারখানায় তিন শতাধিক নারী কর্মীর অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে স্বাস্থ্য ও হাইজিন সচেতনতা বিষয়ক একটি বিশেষ সেমিনার। জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস ও ওয়েলবিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে উপস্থিত সকল নারী কর্মীর মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সেমিনারে উপস্থিত নারী গার্মেন্টস কর্মীদের দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে নিজেদের ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা, পিরিয়ডকালীন বিশেষ যত্ন এবং সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখার নানাবিধ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই কল্যাণমূলক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ওয়েলবিং ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা প্রখ্যাত চিকিৎসক ডা. তাহরিমা তানিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল প্রেসিডেন্ট সৌরভ অধিকারী।
সেমিনারটিতে সভাপতিত্ব করেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রাজিকুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা চলতি বছরে বিভিন্ন গার্মেন্টস, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ৫০টি স্থানে এই ধরণের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এই আয়োজনটি আমাদের সেই মূল উদ্যোগেরই একটি সফল পাইলট প্রোগ্রাম।”
অনুষ্ঠানে অন্যতম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. রাকিব হাসান অভি এবং অপারেশন ডিরেক্টর গোলাম মাবুদ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক চালিকাশক্তি নারী গার্মেন্টস কর্মীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং তাদের সার্বিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ধরণের উন্নয়নমূলক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।