MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বুধবার, ১৭ জুন, ২০২৬ ১২:০০ এ এম
কুমিল্লার চৌদ্দগ্রামে অত্যন্ত চতুরতার সাথে মোটরসাইকেল বিক্রির কথা বলে ডেকে নিয়ে নোয়াখালীর এক যুবককে আটকে রেখে লক্ষাধিক টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে চক্রের মূলহোতা আবদুল কাইয়ুমকে (২৫) আটক করা হয়েছে।
আটক কাইয়ুম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। গত সোমবার (১৫ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক আকাশ। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মূলহোতা আবদুল কাইয়ুমকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, নোয়াখালী জেলার চর জব্বার থানা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক পেশায় একজন ট্রাক্টর চালক। গত এক বছর আগে ধনুসাড়া গ্রামের আবদুল কাইয়ুম ফেসবুকে একটি ব্যবহৃত মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দিলে মমিনুল হক তাঁর সাথে যোগাযোগ করে সেটি ক্রয় করেন। সেই সুবাদে কাইয়ুমের সাথে মমিনুল হকের পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে মমিনুল হক সেই মোটরসাইকেলটি নষ্ট হয়ে যাওয়ায় অন্যত্র বিক্রি করে দেন।
পূর্ব পরিচিত হওয়ায় খবরটি জানতে পেরে সুচতুর আবদুল কাইয়ুম আরেকটি নতুন মোটরসাইকেল সুলভ মূল্যে বিক্রয় করার প্রস্তাব দেন মমিনুলকে। তাঁর এই লোভনীয় প্রস্তাবে সম্মত হয়ে মমিনুল হক তাঁর এক বন্ধুসহ গত ৯ জুন মঙ্গলবার সকালে নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে আসেন।
পরবর্তীতে মমিনুল মোটরসাইকেলটি দেখানোর জন্য বললে, কাইয়ুম জানায় গাড়িটি পাশের সলাকান্দি গ্রামে তাঁর এক বন্ধুর বাড়িতে রয়েছে। সরল বিশ্বাসে মমিনুল হক ও তাঁর বন্ধু লাকসামের দেলোয়ার হোসেনসহ সিএনজি অটোরিকশা যোগে সলাকান্দি গ্রামে যান। সেখানে পৌঁছামাত্রই আবদুল কাইয়ুম তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে অটোরিকশা চালককে দ্রুত বিদায় করে দেয়।
এরপর মমিনুল ও তাঁর বন্ধু কিছু বুঝে ওঠার আগেই আগে থেকে ওত পেতে থাকা কাইয়ুমের সহযোগী ছাতিয়ানী গ্রামের ভুঁইয়া বাড়ির শাকিব, ধনুসাড়ার ছোটন, রাসেল, সবুজ ও গুজরার রনি একজোট হয়ে দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে তাদের অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে মমিনুলের পকেটে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং মূল্যবান দুইটি মোবাইল ফোন সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সটকে পড়ে তারা। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর, গত রোববার (১৪ জুন) রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম ধনুসাড়ায় ঝটিকা অভিযান চালিয়ে ছিনতাইচক্রের মূলহোতা কাইয়ুমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।