MD ANIS | Times News 24 | Fast Online News Portal | সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:০০ এ এম
আবহমান বাংলার বর্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং তরুণ উদ্যোক্তাদের চেতনাকে বর্ণিল মঞ্চে উদযাপন করতে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বরঙ নীল উৎসব ২০২৬’। একই সাথে নারীদের স্বাবলম্বী করার প্ল্যাটফর্ম ‘উদ্যোক্তা ভূমি’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই জমকালো ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের পর্দা উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন এসএমই (SME) ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও নাজিম হাসান সাত্তার, সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নওশাদ মোস্তফা, বিসিকের উপ-ব্যবস্থাপক নাসরিন সুলতানা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জনপ্রিয় নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান, প্রখ্যাত চিত্রশিল্পী জিয়া বিপ্লব এবং বরেণ্য সংগীতশিল্পী হোমায়েরা বশির। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, বিউটি পার্লার পারসোনার প্রতিষ্ঠাতা ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী, জনপ্রিয় অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া এবং দিলশাদ নাহার কণা।
অনুষ্ঠানের শুভ সূচনালগ্নে স্বাগত বক্তব্যে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির স্বপ্নদ্রষ্টা ও প্রধান কর্ণধার বিপ্লব সাহা বলেন, "বাংলার হাজার বছরের সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, নিজস্ব সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে একই রাজকীয় মঞ্চে তুলে ধরাই এই মহাআয়োজনের মূল উদ্দেশ্য। নীল উৎসব শুধু একটি সাধারণ উৎসব নয়; এটি মূলত আমাদের নিজস্ব সংস্কৃতি, গৌরবময় শিল্প ও অমিত সম্ভাবনাকে উদযাপনের এক অনন্য প্ল্যাটফর্ম।"
অনুষ্ঠানের বিশেষ পর্বে সফল নারী উদ্যোক্তা নাতাশা হায়াতকে তাঁর বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বহুল আলোচিত ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের চূড়ান্ত পর্বে নির্বাচিত ক্ষুদে ও তরুণ প্রতিযোগীদের সম্মানিত করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১০ নারী, সেরা ৩ পুরুষ এবং সেরা ৩ কিডস প্রতিযোগীকে বিশেষ সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ ছিল ‘বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন’ (বিটিএস)-এর একঝাঁক প্রতিভাবান শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনা। তাদের চমৎকার দলগত নৃত্য ও নিখুঁত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত হাজারো দর্শকের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। এর বাইরে হল প্রাঙ্গণে লাইভ পেইন্টিং এবং ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’-এ নির্বাচিত গুণী শিল্পীদের বাছাইকৃত চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। দর্শনার্থীরা দিনব্যাপী শিল্পীদের এই অসাধারণ সৃজনশীল কর্মযজ্ঞ মুগ্ধ হয়ে উপভোগ করেন। পুরো উৎসবমুখর অনুষ্ঠানটি সুনিপুণভাবে যৌথভাবে উপস্থাপনা করেন রীতি প্রভা ও সাদাব হাসমি।