স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে রবিবার (১২ অক্টোবর) জেলাজুড়ে ছাত্র-জনতার তীব্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার চত্বরে শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের কর্মীরা জড়ো হয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। এক পর্যায়ে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদকারীদের ঢল নামে, যা রূপ নেয় গণআন্দোলনে।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, “কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জেলার ইতিহাস, ঐতিহ্য ও জনগণের মতামতের পরিপন্থী। এটি একটি প্রশাসনিক ষড়যন্ত্র, যা জেলার মর্যাদা খর্ব করার অপচেষ্টা মাত্র।” বক্তারা আরও জানান, ২০১৫ সালেও একই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখনও জেলাবাসীর প্রতিবাদে তা বাতিল হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যদি এবারও জনগণের মত উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তবে কিশোরগঞ্জবাসী রাস্তাঘাট অচল করে দুর্বার আন্দোলনে নামবে।”
আরও পড়ুন
"ফরিদপুর জেলাকে দ্রুত বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ"
প্রস্তাবটি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ১৮৬০ সালে কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে এটি ময়মনসিংহ থেকে পৃথক হয়ে স্বাধীন জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে কিশোরগঞ্জ প্রশাসনিকভাবে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত।
প্রতিবাদকারীদের দাবি, কিশোরগঞ্জের ভৌগোলিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক যোগসূত্র ঢাকার সঙ্গেই বেশি। তাই জনগণের মতামত উপেক্ষা করে ময়মনসিংহে অন্তর্ভুক্তির কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।