বরিশালের উজিরপুর উপজেলার মেজর জলিল সেতুর ওপর ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে মোহাম্মদ ইমরান সিকদার (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত ইমরান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুন হাট এলাকার মৃত সেলিম সিকদারের পুত্র। তিনি আবুল কালাম কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে অসুস্থ মায়ের জন্য ভাত নিয়ে মোটরসাইকেলে উজিরপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন ইমরান। নতুনহাট স্টেশন এলাকা পেরিয়ে ইচলাদি যাওয়ার পথে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মেজর জলিল সেতুর ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত ইমরানের স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে আহাজারিতে ভেঙে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ইমরানকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, ইমরানের বাবা সেলিম সিকদারও বছর কয়েক আগে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। একই পরিবারের দুই প্রজন্মের এমন সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে রাকুদিয়া নতুন হাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর থানার এক কর্মকর্তা বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবেই এমন দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তারা দ্রুত ওই এলাকায় স্পিডব্রেকার স্থাপন ও পুলিশ টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।