নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
এশিয়া কাপের বাজে ব্যাটিংয়ের পরও আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে সাইম আইয়ুব
এশিয়া কাপে ব্যাট হাতে ভীষণ ব্যর্থ হলেও অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে টপকে তিনি এক নম্বর হয়েছেন।
এশিয়া কাপে সাত ম্যাচে চারবার শূন্য রানে ফিরেছেন সাইম। ব্যাট হাতে সাত ইনিংসে করেছেন মাত্র ৩৭ রান, গড় ৬.৪০। তবে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ছয় ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। সেই সুবাদেই অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন এই পাকিস্তানি তারকা। আফগানিস্তানের মোহাম্মদ নবি এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে, আর নেপালের দিপেন্দ্র সিং আইয়ারি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা অবস্থান করছেন সেরা পাঁচে।
অন্যদিকে ভারতের ওপেনার অভিষেক শর্মা আরও দৃঢ় করলেন ব্যাটারদের র্যাংকিংয়ে তার শীর্ষস্থান। শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে তিনি পৌঁছেছেন ৯৩১ রেটিং পয়েন্টে। ২০২০ সালে ডেভিড মালানের ৯১৯ পয়েন্টের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন তিনি। এশিয়া কাপে সর্বোচ্চ ৩১৪ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়।
বোলারদের র্যাংকিংয়ে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী সাত উইকেট নিয়ে শীর্ষেই আছেন। কুলদীপ যাদবের অসাধারণ পারফরম্যান্স (১৭ উইকেট) তাকে নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে তুলেছে। পাকিস্তানের শাহিন আফ্রিদি ১২ ধাপ উন্নতি করে যৌথভাবে ১৩তম স্থানে, আর বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ছয় ধাপ এগিয়ে পৌঁছেছেন ২০তম অবস্থানে।