নাজীর আহম্মেদ খান | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
দেশের বাজারে আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি প্রায় আড়াই হাজার টাকার বেশি বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম ১৫ অক্টোবর (বুধবার) থেকে কার্যকর হয়েছে এবং আজ রবিবার (১৯ অক্টোবর) পর্যন্ত সেই দামই বহাল রয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দরবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় অভ্যন্তরীণ বাজারেও এই সমন্বয় করা হয়েছে।
আজকের সোনার বাজারদর (১৯ অক্টোবর ২০২৫):
২২ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২,১৬,৩৩২ টাকা
২১ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২,০৬,৪৯৯ টাকা
১৮ ক্যারেট সোনা: ভরিপ্রতি ১,৭৭,০০১ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ভরিপ্রতি ১,৪৭,৩৫১ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের ৫ শতাংশ সরকার নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। অর্থাৎ, কার্যত ক্রেতাদের হাতে পৌঁছানো সোনার দাম আরও কিছুটা বেশি পড়বে।
সোনার দামের এই ধারাবাহিক বৃদ্ধি নিয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলার সংকট, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বৃদ্ধিই এ বৃদ্ধির মূল কারণ। বাংলাদেশেও স্বর্ণকে এখন অনেকে বিকল্প বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন, যার প্রভাব পড়ছে অভ্যন্তরীণ চাহিদার ওপর।
এদিকে ক্রেতারা অভিযোগ করছেন, বারবার দাম বাড়ার কারণে সাধারণ মানুষ ও মধ্যবিত্ত শ্রেণি এখন স্বর্ণ কেনার আগ্রহ হারাচ্ছেন। অন্যদিকে, জুয়েলার্স ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সমন্বয় করা হয়েছে।
দেশের বাজারে গত এক বছরে প্রায় ১২ দফায় সোনার দাম বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও স্বর্ণের দাম আরও বাড়তে পারে।