শাকীরিন | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
জামায়াতে
ইসলামী সবসময় আওয়ামী লীগের লেজ ধরে চলতে
ভালোবাসে বলে মন্তব্য করেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি
বলেন, আজও তারা আওয়ামী
লীগের ভোট ভাগাভাগি করে
নেয়ার কৌশল খুঁজছে। শুধুমাত্র
ক্ষমতায় যাওয়ার লোভে ইসলাম ও
গণতন্ত্র উভয়েরই মৌলিক নীতির বাইরে অবস্থান নিচ্ছে জামায়াত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।তিনি বলেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে” এমন প্রচারণা সরাসরি ধর্ম নিয়ে প্রতারণা। এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জামায়াত এখন মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে কি না, সেই প্রশ্নও তুলেন তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা প্রচারের জন্য ‘সাইবার বাহিনী’ গঠন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, “জামায়াত এখন পিআর, সংস্কার, গণভোট এসব শব্দ ব্যবহার করে নতুন বিতর্ক সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য একটাই জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করা। সাধারণ মানুষ পিআর বা ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন’ সম্পর্কে জানে না। এই অজানা বিষয় তুলে ধরে তারা বিভ্রান্তি তৈরি করছে।”
নভেম্বরে গণভোটের বিষয়ে যারা কথা বলছেন, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “তাদের একটা মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত জুড়ে দিয়ে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে। ক্ষমতায় যাওয়ার নেশায় তারা যে কোনো মূল্য দিতে প্রস্তুত।” তিনি দাবি করেন, “জামায়াত এখনো আওয়ামী লীগের ছায়ায় থাকতে চায়। তারাই আওয়ামী লীগকে অতীতে সুবিধা দিয়েছে, আর আজও সেই পথেই চলছে।”
আলোচনা
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসাইন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক
সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক
এ টি এম আবদুল
বারী ড্যানী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেছারুল
হক প্রমুখ।
বক্তারা
সরকারবিরোধী ঐক্য জোরদারের পাশাপাশি
জামায়াতের ‘প্রকৃত রূপ’ জনগণের সামনে
উন্মোচনের আহ্বান জানান। বক্তৃতায় ইসলাম, গণতন্ত্র ও জাতীয় স্বার্থে
বিভ্রান্তি না ছড়ানোরও অনুরোধ
জানানো হয়।
প্রসঙ্গত,
সম্প্রতি জামায়াতের একাংশ থেকে পিআর পদ্ধতি
চালু, গণভোটের দাবি ও নির্বাচনে
অংশগ্রহণ নিয়ে বিভিন্ন বক্তব্য
আসছে, যা বিএনপির অংশসহ
অনেক রাজনৈতিক দল ও বিশ্লেষকের
মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।