নাজীর আহম্মেদ খান | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
নির্বাচন বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দাবিকৃত ‘শাপলা’ প্রতীকটি পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি স্পষ্টভাবে বলেন, “যেহেতু শাপলা প্রতীক নির্বাচন বিধিমালায় নেই, তাই এটি দেয়ার সুযোগ নেই।”
আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী বৈধ প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে হবে। তা না হলে, কমিশন নিজ বিবেচনায় তাদের জন্য একটি প্রতীক বরাদ্দ করবে।
ইসি সচিব আরও জানান, এনসিপির সঙ্গে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা কমিশনের কাছে প্রতীকের ব্যাখ্যা চেয়েছিলেন, এবং কমিশন সেই ব্যাখ্যা দিয়েছে। তবে শাপলার বিষয়ে কমিশন তাদের পূর্বের অবস্থানেই অনড়।
তিনি বলেন, “এনসিপি যদি প্রতীক না চায় বা ১৯ অক্টোবরের মধ্যে নতুন কোনো প্রতীক না দেয়, তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।”
এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তারা এককভাবে কিংবা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও ‘শাপলা’ প্রতীকেই ভোট করতে চায়। তবে ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন বিধিমালার বৈধ প্রতীক তালিকায় ‘শাপলা’ নেই, তাই এটি বরাদ্দের সুযোগ নেই।
প্রবাসী ভোটারদের বিষয়েও মন্তব্য করেন আখতার আহমেদ। তিনি বলেন, পুরনো ১১টি দেশের সঙ্গে আরও ৪টি নতুন দেশে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এছাড়া নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রবাসী ভোটারদের জন্য ভোটিং অ্যাপ চালু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে নির্বাচন কমিশনের হাতে পৌঁছে গেছে। স্থানীয় পর্যবেক্ষক নিয়ে সাংবাদিকদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।
এদিকে নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন যাচাই-বাছাইও চলমান আছে বলে জানান তিনি। মাঠ পর্যায়ে ও সচিবালয়ে এই অনুসন্ধান কার্যক্রম চলছে।
গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “গণভোট হবে কি না—এ নিয়ে এখনো কোনো প্রস্তাব কমিশনে উপস্থাপন হয়নি। তাই প্রস্তুতি নিয়ে কিছু বলার সুযোগ নেই।”
এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও, দলীয় সূত্রে জানা গেছে তারা কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।