প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ০৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ১১:৪৩ এ এম
ছুটি নিয়ে বিভ্রান্তি: ৮ ও ৯ অক্টোবর স্কুল-কলেজ খোলা, শুধু পরীক্ষা হবে না।
নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
শিক্ষাপঞ্জি নিয়ে বিভ্রান্তি: ৮ ও ৯ অক্টোবর ছুটি নয়, কেবল পরীক্ষাবিহীন দিন
দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে ১২ দিনের ছুটি চলছে। এই ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার কথা বলা হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এ নির্দেশনার ভুল ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী স্পষ্ট করেছেন, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই থাকবে। আগামী ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম চালু হবে। তবে ওই দুইদিন (৮ ও ৯ অক্টোবর) কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
তিনি বলেন, “চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুইদিন নিশ্চিত করা; ছুটি বাড়ানো নয়। যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা ভুল করেছেন।”
শিক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, নির্দেশনার বিষয়ে বিভ্রান্তি হলে সরাসরি মাউশির সঙ্গে যোগাযোগ করতে হবে।
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |