মোঃ তুহিনুল ইসলাম| কালবিন্দু| মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
নারীদের
আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারীতে
শুরু হয়েছে পাঁচদিনব্যাপী পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ
কর্মশালা।
বুধবার (৮ অক্টোবর) সকাল
১১টায় উপজেলা হলরুমে এ কর্মশালার আনুষ্ঠানিক
উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলবির রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা এবং বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী।
কর্মশালায় অংশ নিয়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ৩০ জন নারী প্রশিক্ষণার্থী। তাঁদের শেখানো হবে কিভাবে পাট দিয়ে পরিবেশবান্ধব ও ব্যবহার উপযোগী ব্যাগ, টিস্যু বক্সসহ নানা ধরণের দৈনন্দিন পণ্য তৈরি করা যায়। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ নারী উদ্যোক্তা আলেয়া বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন—“আমাদের সমাজে নারীরা এখনো অনেক ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। তারা স্বাবলম্বী না হওয়ায় অনেক সময় পরিবারেও নির্যাতনের শিকার হন। তাই আমরা চাই, প্রশিক্ষণের মাধ্যমে তাদের এমন দক্ষ করে গড়ে তুলতে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন।” তিনি আরও বলেন, একজন নারী যদি নিজের আয় দিয়ে পরিবারে সহযোগিতা করতে পারেন, তাহলে শুধুমাত্র পরিবারই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্থানীয়ভাবে পাটজাত পণ্যের চাহিদা যেমন বাড়ছে, তেমনি দেশের বাইরেও রয়েছে এসব পণ্যের রপ্তানির সুযোগ। এজন্য প্রয়োজন প্রশিক্ষিত ও উদ্যোমী জনবল।
অনুষ্ঠানের শেষে ইউএনও তানভীর হাসান চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন—“এই প্রশিক্ষণ শুধু শেখার জন্য নয়, এটা আপনাদের জীবনে পরিবর্তন আনার এক সুযোগ। মনোযোগ দিয়ে হাতের কাজ শিখুন, ভবিষ্যতে নিজের একটা উদ্যোগ গড়ে তুলুন।”