দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্পষ্টীকরণ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সরাসরি উদ্ধৃত করে ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। বিষয়টি সরকারের উচ্চমহল তথা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। মন্ত্রণালয় অত্যন্ত দৃঢ়তার সাথে জানাচ্ছে যে, এই প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, কাল্পনিক এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী।
প্রকৃত ঘটনা ও মন্ত্রীর বক্তব্য: বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত সত্য তুলে ধরে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী মূলত সংসদ সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে বলেছিলেন, "মাননীয় সংসদ সদস্যরা সাধারণত তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নতুন নতুন হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর সুপারিশ নিয়ে আমাদের কাছে আসেন। কিন্তু এর বিপরীতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ বা তাগিদ তাদের কাছ থেকে খুব কমই পাওয়া যায়।"
আরও পড়ুন
জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় আর কথার কথা শোনার সময় নেই
উক্ত অনুষ্ঠানে মন্ত্রীর দেওয়া মূল বক্তব্যকে বিকৃত করে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী আসলে ওই অনুষ্ঠানে বলেছিলেন, "সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি গ্রামে একটি করে মানসম্মত প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা।"
শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা ব্যবস্থার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর, যাচাইহীন বা অসত্য তথ্যে কান না দেওয়ার এবং তা ছড়ানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।





.jpg)












আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।