জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় থেকে মানবজাতিকে বাঁচাতে এবং বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় আর কোনো কালক্ষেপণ না করে সরাসরি মাঠপর্যায়ে কাজ শুরু করার জন্য বিশ্বনেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "অনেক পরিকল্পনা ও আলোচনা হয়েছে, এখন আর শুধু নতুন আইডিয়া বা কথার কথা শোনার সময় নেই। বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের এখনই সরাসরি মাঠপর্যায়ে কাজ করে দেখাতে হবে।"
গত বৃহস্পতিবার (২৫ ২৫ জুন) ফ্রান্সের প্যারিসে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত ‘অ্যালায়েন্স ফর...’ (ATACH) উচ্চ পর্যায়ের কৌশলগত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অ্যালায়েন্স যৌথভাবে দিনব্যাপী এ সভার আয়োজন করে।
উপকূলের সুপেয় পানির হাহাকার ও বৈশ্বিক দুর্যোগের চিত্র
বক্তব্যের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট তুলে ধরে মন্ত্রী বলেন, "কক্সবাজার থেকে শুরু করে সমগ্র দক্ষিণবঙ্গের এক বিশাল উপকূলীয় এলাকায় এখন সুপেয় পানির তীব্র হাহাকার চলছে। চারদিকের পানি লবণাক্ত ও দূষিত হয়ে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে সাধারণ কিংবা গভীর নলকূপ দিয়েও এখন পানি তোলা যাচ্ছে না।" এই ভয়াবহ পরিস্থিতি বৈশ্বিক সংস্থাগুলোর নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমাধান করা উচিত বলে তিনি জানান।
আরও পড়ুন
কফি পানে মূত্রাশয়ের মারাত্মক ক্ষতির আশঙ্কা
তিনি আরও বলেন, কম বা মাঝারি আয়ের দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অঞ্চলে ইতোমধ্যে সংক্রামক ও অসংক্রামক রোগব্যাধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। উন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে থাকা এই রাষ্ট্রগুলোকে রক্ষায় জরুরি ভিত্তিতে বিশেষ 'বৈশ্বিক স্বাস্থ্য তহবিল' গঠনের দাবি জানান তিনি। একই সাথে দেশের বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে সনাতন ইটভাটার পরিবর্তে আধুনিক কংক্রিট স্ল্যাব বা ব্লক তৈরির প্রযুক্তি হস্তান্তরে উন্নত দেশগুলোর আর্থিক ও কারিগরি সহায়তার ওপর জোর দেন।
‘জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৬-৩০’ এর ঘোষণা
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে ইতিমধ্যেই বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি সভায় আনুষ্ঠানিকভাবে জানান, "আমরা দেশে জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক ঝুঁকির সঠিক মূল্যায়ন শেষে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে ‘স্বাস্থ্য বিষয়ক জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৬-৩০’ প্রণয়ন করেছি।"
এই মহাপরিকল্পনায় ডেঙ্গু ও অন্যান্য ভেক্টর-বাহিত রোগ, পানিবাহিত রোগ, তাপ ও বায়ুদূষণজনিত অসুস্থতা (যেমন—স্ট্রোক ও সিওপিডি) ও পুষ্টির সংকটকে উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উক্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় নেদারল্যান্ডস এর স্বাস্থ্য কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল অনিতা ভ্যান ডে এনডে এবং ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি ড. গ্লোরিয়া জে. বালবোয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে ডেনমার্ক ও ফ্রান্স সফর শেষে আগামী ২৭ জুন শনিবার স্বাস্থ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।





.jpg)











আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।