উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কাদিরদি বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের মুদি, ঔষধ, চা, কাপড়, বীজ ও জুতার দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। পুরো মার্কেটেই আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকারও বেশি হবে।”
সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ফারুক হোসেন জানান, “আগুনের উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ২০ থেকে ২৫টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়।”
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশু শেখর বিশ্বাস জানান, “খবর পাওয়ার পর আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে, তবে সম্পূর্ণ পরিস্থিতি মূল্যায়ন করে বিস্তারিত পরে জানানো হবে।”
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, “প্রায় বিশটি দোকান আগুনে পুড়ে গেছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।”















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।