আন্তর্জাতিক ডেস্ক
গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শুক্রবার (১৮ অক্টোবর) গাজা সিটির জায়তুন এলাকায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশু এবং তিন নারী রয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আবু শাহবান পরিবারের সদস্যরা একটি বেসামরিক গাড়িতে করে নিজেদের বাড়ির ক্ষয়ক্ষতি দেখতে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাংকের গোলায় তাদের প্রাণ যায়। ঘটনাস্থলেই তাদের গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “তাদের সতর্ক করা যেত, কিন্তু যা ঘটেছে তা ইসরায়েলি বাহিনীর বেসামরিকদের বিরুদ্ধে অপরাধের ধারাবাহিকতা।”
সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের সহায়তায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা গেলেও দুটি শিশুর দেহাবশেষ এখনও নিখোঁজ। বিস্ফোরণের তীব্রতায় তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
৮০ বার ‘যুদ্ধবিরতি’ নাটক: গাজায় আবারও ইসরায়েলি পৈশাচিক হামলা
এই হামলার নিন্দা জানিয়ে হামাস একে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছে। সংগঠনটি দাবি করেছে, কোনো উসকানি ছাড়াই বেসামরিকদের ওপর এই হামলা চালানো হয়েছে। হামাস মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর—বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি মেনে চলার চাপ সৃষ্টি করে।
ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, নিহতরা একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিল। তবে তারা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেই ইসরায়েল ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত মোট ২৮ জন নিহত হয়েছেন।
এরই মধ্যে হামাস রেড ক্রসের মাধ্যমে এক নিহত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে বলে জানিয়েছে।
মানবিক পরিস্থিতি অবনতি
গাজার মানবিক পরিস্থিতি এখনও ভয়াবহ রয়ে গেছে। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার আহ্বান জানিয়েও বড় পরিসরে ত্রাণ পাঠাতে পারছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ৬৭ হাজার ৯৬৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন আহত হয়েছেন।
পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে সংঘাত আবারও তীব্র রূপ নিতে পারে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।