গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল সরকার। শুক্রবার ১০ অক্টোবর সকালে দেশটির পার্লামেন্টারি ভোটে এ চুক্তি অনুমোদিত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চুক্তির আওতায় অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ৪৮ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার জীবিত ও মৃত সব জিম্মির মুক্তির কাঠামো অনুমোদন করেছে।
এই যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। চুক্তির আওতায় ইসরায়েলকে নির্দিষ্ট কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, গাজার অর্ধেকের বেশি অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে। তিনি আরও বলেন, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার জানান, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে হতে পারে। তিনি বলেন, মিসরে অনুষ্ঠেয় যুদ্ধবিরতি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকতে চান। ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করা এবং আরও কিছু এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন
৮০ বার ‘যুদ্ধবিরতি’ নাটক: গাজায় আবারও ইসরায়েলি পৈশাচিক হামলা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে একটি ‘কূটনৈতিক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, জাতিসংঘে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক গাজা সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তন এনেছে। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি মুসলিম-অধ্যুষিত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে ইসরায়েল–হামাস সংঘাত ও যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
রুবিও জানান, এরপর ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দেন উভয় নেতা। যুক্তরাষ্ট্রের আলোচক দল এরপর কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাসকে আলোচনায় আনতে সক্রিয় ভূমিকা পালন করে।
রুবিও বলেন, “এটি মূলত একটি মানবিক গল্প। একদিন হয়তো সবকিছু বিস্তারিতভাবে বলা হবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি যুক্ত না থাকলে এই সাফল্য সম্ভব হতো না।”
ট্রাম্প কাতার, মিসর, তুরস্ক, সৌদি আরব, জর্ডান এবং ইন্দোনেশিয়ার নেতাদের ধন্যবাদ জানান এই শান্তিচুক্তি সফল করতে সহায়তা করার জন্য। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে তার ‘অসাধারণ’ ফোনালাপ ও বৈঠকগুলোই এই শান্তিচুক্তিকে বাস্তবায়নে মুখ্য ভূমিকা রেখেছে।
এই চুক্তি গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব সম্প্রদায় এখন নজর রাখছে যুদ্ধবিরতি কার্যকর এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার দিকে।
তথ্যসুত্র: আল জাজিরা

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।