আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বিল পাসে ব্যর্থতার কারণে চলমান আংশিক সরকারি অচলাবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। এরই মধ্যে হোয়াইট হাউজ সতর্ক করেছে, পরিস্থিতি দীর্ঘ হলে ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাই করা হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেসে সমঝোতা না হলে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
গত বুধবার ১ অক্টোবর থেকে শুরু হওয়া শাটডাউন রোববার পঞ্চম দিনে গড়ায়। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা নতুন ব্যয় পরিকল্পনা বা অর্থায়ন বিল নিয়ে একমত হতে ব্যর্থ হওয়ায় সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সরকারি অফিস, গবেষণা প্রকল্প, এবং বেশ কিছু জনসেবা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
হোয়াইট হাউজের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট সিএনএনকে বলেন, ডেমোক্র্যাটরা যদি এখনো তাদের অবস্থান থেকে সরে আসে, তাহলে একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এড়ানো সম্ভব হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনায় অগ্রগতি না দেখলে কর্মী ছাঁটাই শুরু করার নির্দেশ দিতে পারেন বলেও তিনি জানান।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য ছাঁটাইকে ‘ডেমোক্র্যাট ছাঁটাই’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “যদি কেউ চাকরি হারায়, তাহলে মনে রাখতে হবে, সেটি ডেমোক্র্যাটদের কারণেই।” অচলাবস্থার মাঝেই সেদিন ভার্জিনিয়ার নরফোকে নৌবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লেখেন, “যা কিছুই ঘটুক, শো অবশ্যই চলবে।” তিনি এই আয়োজনকে মার্কিন নৌবাহিনীর শক্তি ও সক্ষমতার প্রতীক হিসেবে বর্ণনা করেন।
আরও পড়ুন
৮০ বার ‘যুদ্ধবিরতি’ নাটক: গাজায় আবারও ইসরায়েলি পৈশাচিক হামলা
অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে ট্রাম্প বলেন, “তারা নৌবাহিনীর জন্মদিনের এই অসাধারণ উৎসবটিকে নষ্ট করতে চায়।” তবে ডেমোক্র্যাটরা পাল্টা অভিযোগ এনে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে বাজেট আলোচনাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার সিবিএসকে বলেন, “ট্রাম্প ও কংগ্রেসনেতাদের মধ্যে নতুন আলোচনা না হলে এই সংকটের সমাধান অসম্ভব।” মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, শাটডাউনের কারণে প্রায় ৭ লাখ ৫০ হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। অনেককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে, সোমবার সিনেটে সরকারি অর্থায়ন পুনরায় চালুর দুটি পৃথক প্রস্তাবই প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়। ডেমোক্র্যাটদের প্রস্তাব ৪৫-৫০ ভোটে এবং রিপাবলিকানদের প্রস্তাব ৫২-৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়। ফলে সরকারি তহবিল সংকট আরও গভীর হয়। ভোট ব্যর্থ হওয়ার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি নিয়েও কাজ করতে প্রস্তুত, কিন্তু আগে তারা সরকার চালু করুক।”
ডেমোক্র্যাটরা দাবি করছে, রিপাবলিকানদের বাজেট প্রস্তাবে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তারা চান স্বাস্থ্যবিমা ভর্তুকি বজায় রাখা ও মেডিকেড কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁট প্রত্যাহার করা হোক। অপরদিকে রিপাবলিকানরা অভিযোগ করছেন, ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সরকার বন্ধ রেখেছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার বলেন, “আমরা কাউকে চাকরি হারাতে দেখতে চাই না, কিন্তু সরকার বন্ধ থাকলে তা অনিবার্য।” এই অবস্থায় উভয় দলই একে অপরকে দোষারোপ করছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, “রিপাবলিকানরা মিথ্যা প্রচার চালাচ্ছে।” অন্যদিকে স্পিকার মাইক জনসন দাবি করেন, “ডেমোক্র্যাটরা রাজনীতি নিয়ে নাটক করছে।”
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।