‘কি যাদু করিয়া মেসি মায়া লাগাইছে!’ কিংবা ফরাসি তারকা ওসমান দেম্বেলের অনবদ্য হ্যাটট্রিকের পর ছবির ওপর বড় অক্ষরে লেখা— ‘অদম্য: বিশেষণ/ যাকে থামানো যায় না, যে প্রতিরোধ ভেঙে নিজের ছন্দে এগিয়ে চলে।’ অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর সিউউউ উদযাপনের ছবির সাথে ক্যাপশন, ‘আজ রাতে রোনালদোর খেলা হবে। যখন দরকার, তখনই ওস্তাদ হাজির!’
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র (FIFA) অফিশিয়াল ফেসবুক পেজে এমন নিখাদ খাঁটি বাংলায় লেখা পোস্ট দেখে অনেক সময় চমকে যান দেশের ফুটবলপ্রেমীরা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত বিশ্ব ফুটবলের সদর দপ্তর বুঝি বাংলা ভাষা কিংবা দেশীয় ট্রল পেজের ভাষা হুবহু রপ্ত করে ফেলেছে! তবে এই গভীর আবেগের নেপথ্যে রয়েছে এক বিশাল পেশাদার দল, বিপণন বুদ্ধি এবং আধুনিক ‘জিও-টার্গেটিং’ প্রযুক্তির মেলবন্ধন।
গ্লোবাল মার্কেটিং ও ‘জিও-টার্গেটিং’ প্রযুক্তির কারিশমা
ফিফার পেজের এই বাংলা পোস্টগুলো কিন্তু বিশ্বজুড়ে সবার টাইমলাইনে প্রদর্শিত হয় না। এটি মূলত ‘জিও-টার্গেটিং’ (Geo-Targeting) বা ‘কাস্টম পোস্ট’ প্রযুক্তি ব্যবহার করে ফিল্টার করা হয়। ফিফা যখন বাংলায় কোনো পোস্ট বা আকর্ষণীয় গ্রাফিক্স শেয়ার করে, তা মূলত বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলা ভাষাভাষী দর্শকদের আইপি (IP) ও লোকেশন ট্র্যাক করে নির্দিষ্ট স্ক্রিনে পাঠানো হয়।
আরও পড়ুন
কেউ সাহায্য করছে না ক্ষোভ ইরান অধিনায়কের
একইভাবে, ল্যাটিন আমেরিকার দর্শকদের জন্য স্প্যানিশ, মধ্যপ্রাচ্যের জন্য আরবি কিংবা আফ্রিকার সুনির্দিষ্ট অঞ্চলের জন্য তাদের স্থানীয় ভাষায় ভিন্ন ভিন্ন কনটেন্ট একই সময়ে লাইভ করে ফিফা। ফলে, পর্তুগাল বা ব্রাজিলের একজন মূল সমর্থক তার টাইমলাইনে কেবল নিজের ভাষার পোস্টটিই দেখতে পান, যা তার মনে গভীর আবেগ ও ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করার জন্য ফিফার সদর দপ্তরে রয়েছে একটি বিশাল সোশ্যাল মিডিয়া টিম; যারা নিজ নিজ অঞ্চলের দর্শকদের মনস্তত্ত্ব, চলতি সামাজিক ট্রেন্ড ও ভাষার মারপ্যাঁচ খুব ভালো বোঝেন।
বাফুফে ও ফিফার যৌথ কোলাবরেশন
বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এর যুগে যেকোনো ভাষায় রূপান্তর বা কনটেন্ট তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তবে কেবল যান্ত্রিক বা গুগল অনুবাদ নয়, স্থানীয় দর্শকদের আবেগকে নিখুঁতভাবে ছুঁয়ে যেতে ফিফার এই টিমটি নিয়মিত বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়া উইংয়ের সঙ্গেও সমন্বয় বা ‘কোলাবরেশন’ উইজেট ব্যবহার করে কাজ করে থাকে। এই আঞ্চলিক প্রচারণায় বাদ যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
এই বিষয়ে বাফুফে’র মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন:
‘আসলে ফিফার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য একটি অত্যন্ত আধুনিক ও দক্ষ টিম আছে। তারাই সাধারণত এই ধরনের বৈচিত্র্যময় ও ট্রেন্ডি পোস্টগুলো করে থাকে। বর্তমান এআইয়ের যুগে বিভিন্ন ভাষায় পোস্ট করা বা কনটেন্ট তৈরি করাটা খুব কঠিন কিছু না। তবে ফিফা বেশ কিছু কাজ আমাদের বাফুফে পেজের সঙ্গে যৌথভাবে বা কোলাবরেশনে করেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এমন অনেক সময়ই বিভিন্ন দেশের লোকাল ফেডারেশনের সঙ্গে মিলে কাজ করে থাকে।’
শতভাগ সফল বিপণন কৌশল ও বিপুল ‘অর্গানিক এনগেজমেন্ট’
বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ফুটবল উন্মাদনা এখন আর বিশ্বমঞ্চে অজানা নয়। ফিফা খুব ভালো করেই জানে, কীভাবে এই বিপুল দর্শকশ্রেণিকে তাদের প্ল্যাটফর্মে ধরে রেখে ট্রাফিক ও রিচ বাড়াতে হবে। পর্দার পেছনের এই ডিজিটাল বিপণন কৌশল যে শতভাগ সফল, তার প্রমাণ মেলে পোস্টগুলোর কমেন্ট বক্সে নজর দিলেই।
বাংলায় পোস্ট হওয়া মাত্রই সেখানে হুমড়ি খেয়ে পড়েন হাজার হাজার বাংলাদেশী ফুটবলপ্রেমী। মুহূর্তের মধ্যেই লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যায়। একেকটি পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা ছাড়িয়ে যায় লাখের ঘর। বাঙালি দর্শকদের এই বিপুল ‘অর্গানিক এনগেজমেন্ট’ ফিফার পেজের গ্লোবাল রিচ এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেয়, যা পরোক্ষভাবে তাদের স্পন্সরশিপ ভ্যালু বৃদ্ধিতে বিলিয়ন ডলারের ভূমিকা রাখছে।





.jpg)












আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।