ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বহুল আলোচিত অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। গল্প, নির্মাণশৈলী এবং নিখুঁত অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়েও সিনেমাটি নিয়ে চলছে দারুণ ইতিবাচক আলোচনা।
এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ‘লাইফলাইন’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে চলচ্চিত্রটির প্রধান কলাকুশলী, সাংবাদিক এবং দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রদর্শনী শুরুর আগে চলচ্চিত্রটির সম্পাদক ময়ূখ বারীর পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাবা-মেয়ের সম্পর্কের গল্পে আবেগ ধরে রাখতে পারেননি মিম
সিনেমাটি প্রদর্শন শেষে হলরুমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাঁর চোখ জলছল করে ওঠে। মূলত বাস্তবসম্মত বাবা-মেয়ের আত্মিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ ও মিমের অনবদ্য অভিনয় উপস্থিত সব দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে জ্যেষ্ঠ অভিনেতা খায়রুল আলম সবুজের কণ্ঠও আবেগে ভারী হয়ে ওঠে।
আরও পড়ুন
প্রায় হার্ট অ্যাটাক’ হওয়ার অবস্থা হয়েছিল নোরা ফাতেহির
চলচ্চিত্রে মিম ও রেজওয়ান পারভেজের পাশাপাশি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন শক্তিমান অভিনেতা আ খ ম হাসান। দীর্ঘদিন পর ওটিটিতে তাঁর এমন শক্তিশালী উপস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তুললে তিনি বিনয়ের সাথে বলেন:
‘এটা আসলে পরিচালকরা ভালো বলতে পারবেন কেন আগে সুযোগ হয়নি। আমি স্রেফ একজন অভিনেতা, যেখানেই চরিত্র ও কাজের সুযোগ পাই সেখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
নিজের অভিনয় প্রসঙ্গে তিনি আরো যোগ করেন, ‘পর্দায় আমার চরিত্র দেখে দর্শকদের ওই চরিত্রটিকেই আসল মনে হয়েছে, মনে হয়নি আ খ ম হাসান অভিনয় করছেন—এটাই একজন অভিনেতার সার্থকতা। আর এর পুরো কৃতিত্ব পরিচালক এবং আমাদের পুরো ইউনিটের।’
গভীর মানবিক অনুভূতির গল্প ‘লাইফলাইন’
চলচ্চিত্রটির ‘আমারে নাও’ শিরোনামের গানটিও ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। কাজী আসাদের কথায় এবং জাহিদ নিরবেনের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে দুর্দান্ত কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী।
চলচ্চিত্রটির মূল দর্শন প্রসঙ্গে নির্মাতা কাজী আসাদ বলেন, "ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে, আর সেই দুর্গম পথে কত বড় ঝুঁকি নিতে পারে—এই মনস্তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়েই এগিয়েছে ‘লাইফলাইন’-এর গল্প। শহুরে মেয়ে অনন্যার এক দুর্গম যাত্রা এবং তার পরিণতির ভেতর দিয়ে গভীর কিছু মানবিক অনুভূতির গল্প সেলুলয়েডে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।"
প্রসঙ্গত, ‘লাইফলাইন’ চলচ্চিত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা।





.jpg)












আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।