প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দের কোনো উল্লেখ না থাকায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মুজিবুর রহমান। বর্তমান পুঞ্জীভূত সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে দেশের ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে তিনি অবিলম্বে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি কর ফাঁকিদাতাদের কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ বাতিল এবং দেশে মদ-বিড়ি ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান।
আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
‘নেতা-নেত্রীর বন্দনা আল্লাহর নির্দেশের লঙ্ঘন’ ও জাকাত চালুর প্রস্তাব
বক্তব্যের শুরুতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "পবিত্র কোরআনের বিধান অনুযায়ী কেউ যখন বিজয় লাভ করে, তখন তার প্রধান দায়িত্ব হলো মহান আল্লাহর প্রশংসা করা ও নিজের গুনাহর জন্য ক্ষমা চাওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সংসদে অনেকেই আল্লাহর প্রশংসা না করে সরাসরি ব্যক্তি বা নেতা-নেত্রীর অন্ধ বন্দনায় মেতে উঠেছেন, যা আল্লাহর নির্দেশের সরাসরি লঙ্ঘন।"
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট ভঙ্গুর নাহিদ ইসলাম
অর্থমন্ত্রীর দেওয়া প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাজেটে অপচয় রোধের চটকদার কথা বলা হলেও সুনির্দিষ্টভাবে জাকাতের কোনো কথা নেই। অথচ নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর মাধ্যমেই মানুষের নৈতিক চরিত্র ঠিক হয় এবং সমাজ থেকে ক্ষুধা-দারিদ্র্য দূর হয়। জামায়াতের এই এমপি হিসাব তুলে ধরে বলেন, দেশে যদি সঠিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত আদায় করা যায়, তবে বছরে অন্তত ২ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা সম্ভব; যা দিয়ে জাতীয় বাজেটের বিশাল ঘাটতি অনায়াসেই পূরণ করা যাবে। এই লক্ষ্যে তিনি হানাফি, আহলে হাদিসসহ দেশের সব মতাদর্শের শীর্ষ আলেমদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের 'জাকাত কমিটি' বা সরকারের অধীনে সরাসরি একটি 'জাকাত মন্ত্রণালয়' গঠনের প্রস্তাব দেন।
সুদের ভয়াবহতা ও কালো টাকা সাদা করার সমালোচনা
সুদের ভয়াবহ কুফল ও ধর্মীয় বিধান তুলে ধরে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "সুদ খাওয়া ৩৬ বার জেনা করার চেয়েও জঘন্যতম অপরাধ। সুদের কারণে একটি দেশের সামগ্রিক অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যারা সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ও তাঁর রাসুলের সরাসরি যুদ্ধের ঘোষণা রয়েছে।" তিনি আরও যোগ করেন, বর্তমান বিশ্বের অমুসলিম প্রধান দেশগুলোও এখন সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থার দিকে ঝুঁকছে।
কালো টাকা সাদা করার বিধানের কড়া সমালোচনা করে তিনি বলেন:
"বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী শরিয়াহ অনুযায়ী সম্পূর্ণ হারাম। কোনো হারাম বা অপরাধের টাকা ঘুষ কিংবা জরিমানা দিয়ে কখনো হালাল করা যায় না। চোরাকারবারি ও রাষ্ট্র লুণ্ঠনকারীদের কালো টাকা দিয়ে দেশের অর্থনীতি চলতে পারে না; তাই এই ধারাটি অবিলম্বে বাতিল করতে হবে।"
কওমি মাদ্রাসার অধিকার ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি
বক্তব্যে কওমি মাদ্রাসার যৌক্তিক অধিকারের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, কওমি মাদ্রাসাকে ঢালাওভাবে খারাপ বলা সম্পূর্ণ অন্যায়, কারণ সেখানে পবিত্র কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়। সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মতো মাদ্রাসার সুবিধাবঞ্চিত ছোট ছোট শিক্ষার্থীদেরও সরকারিভাবে পোশাক ও জুতার বিশেষ ভাতা বা সুবিধা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
একই সাথে শিক্ষকদের সামাজিক মর্যাদার কথা উল্লেখ করে দেশের বেসরকারি শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ জাতীয়করণের দাবি জানান তিনি। তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হতে পারেনি, শর্তসাপেক্ষে তাদের দ্রুত তিন কিস্তিতে এমপিওভুক্ত করতে হবে। এছাড়া শ্রমিকদের অধিকার রক্ষায় ‘ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ’ করার যে অমিয় বাণী মহানবী (সা.) দিয়েছেন, তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের আহ্বান জানান। পরিশেষে, দেশের রিজার্ভ ও ঋণ নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, "ঋণ করে ঘি খাওয়ার মতো বিপজ্জনক মানসিকতা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। ব্যাংক বা ব্যক্তিগত ঋণ পরিশোধ না করে মারা গেলে কোনো ভালো আমলই আল্লাহর দরবারে কাজে আসবে না।"





.jpg)












আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।