দেশের ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান ও লাগামহীন খেলাপি ঋণ, সরকারের পুঞ্জীভূত ঋণের বোঝা, বিশাল রাজস্ব ঘাটতি, বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নের চরম দুর্বলতা এবং বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জকে জাতীয় অর্থনীতির জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঝুঁকি ও বোঝা হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম খান মিলন। সংকটাপন্ন এই সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে করের পরিধি বাড়ানো, লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্মূল্যায়ন এবং ব্যাংক খাতের অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যাংকিং খাতের উদ্বেগজনক চিত্র ও খেলাপি ঋণের পাহাড়
অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাকে চরম উদ্বেগজনক উল্লেখ করে সাইফুল আলম খান মিলন বলেন, "সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার যেমন আশঙ্কাজনক, তেমনি বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার বর্তমানে ৩০ দশমিক ১৭ শতাংশে গিয়ে ঠেকেছে। বর্তমানে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা।"
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট ভঙ্গুর নাহিদ ইসলাম
তিনি সরকারের ঋণের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ২০২৪-২৫ অর্থবছরের শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। আগামী অর্থবছরে কেবল বৈদেশিক ঋণের সুদ বাবদ প্রায় ২৩ হাজার কোটি টাকা এবং আসল বাবদ প্রায় ৪১ থেকে ৪৯ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে, যা জাতীয় অর্থনীতির ওপর এক প্রচণ্ড মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করবে।
বাজেট ঘাটতির আশঙ্কা ও এডিপির রেকর্ড পতন
জামায়াতের এই সংসদ সদস্য ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ধরা হলেও আদায়ের বাস্তবতার নিরিখে প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির আশঙ্কা প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, কার্যকর বাজেট ঘাটতি শেষ পর্যন্ত প্রায় ৫ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে, যা মোট বাজেটের প্রায় অর্ধেক।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের আমলাতান্ত্রিক দুর্বলতা তুলে ধরে মিলন বলেন, "২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার রেকর্ড সর্বনিম্ন ৬৮ শতাংশে নেমে এসেছে। যে উন্নয়ন বাজেট রাষ্ট্র বাস্তবায়নই করতে পারে না, তার সুফল সাধারণ জনগণ কখনোই পায় না।" এ সময় তিনি ভ্যাট ফাঁকি রোধে দেশের সব খুচরা দোকান ও পাইকারি পর্যায়ে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। একই সাথে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও আদানি বিদ্যুৎ চুক্তির বিষয়গুলো পুনর্মূল্যায়ন করার জোরালো আহ্বান জানান তিনি।
চাঁদাবাজি ও ঢাকার নাগরিক দুর্ভোগের সমালোচনা
সারা দেশে দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "সম্প্রতি একজন সংসদ সদস্যের ছেলেও চাঁদাবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, যা প্রমাণ করে সরকার সত্যিকার অর্থে সৎ ইচ্ছা দেখালে যেকোনো ব্যবস্থা নিতে পারে।" তবে বর্তমানে ব্যাটারিচালিত রিকশার চার্জিং স্টেশনসহ নতুন নতুন খাতে চাঁদাবাজি বিস্তার লাভ করেছে বলে তিনি অভিযোগ করেন।
বক্তব্যের শেষভাগে ঢাকার নাগরিক দুর্ভোগের চিত্র টেনে তিনি বলেন, "অল্প বৃষ্টিতেই ঢাকার রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। ওয়াসা অনেক এলাকায় দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে। এছাড়া দেশের স্বাস্থ্য খাতের অর্থোপেডিক হাসপাতালের মতো বিশেষায়িত হাসপাতালেও প্রয়োজনীয় চিকিৎসক ও কার্যকর যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে এবং প্রায় ৭০০ হাসপাতাল বিভিন্ন কারণে কার্যত অচল।"
পরিশেষে, ‘ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে’—সরকারের এমন দাবির বিরোধিতা করে তিনি বলেন, ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় খেলাপি ঋণ ৬ হাজার ৭১২ কোটি টাকা থেকে বেড়ে ৬ হাজার ৭৮৯ কোটি টাকা হয়েছে, যা সরকারের ঘুরে দাঁড়ানোর দাবির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।




.jpg)











আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।