দেশের অন্যতম বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চট্টগ্রাম ইপিজেড (সিইপিজেড) এখন এক গভীর মানবিক ও শিল্প বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। এক বছরেরও বেশি সময় ধরে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ এবং সর্বশেষ ভয়াবহ অগ্নিকাণ্ড এই অঞ্চলের শিল্প স্থিতিশীলতা ও বিনিয়োগ নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।
গত ১০ মাসেই চট্টগ্রাম অঞ্চলে মোট ১৬টি পোশাক কারখানা বন্ধ হয়েছে, এতে বেকার হয়েছেন ৫৯ হাজার ৩৭৩ জন শ্রমিক। সবচেয়ে বড় ধাক্কা এসেছে সম্প্রতি প্যাসিফিক জিনস গ্রুপে। ১৭ অক্টোবর সংঘর্ষের জেরে প্রতিষ্ঠানটির সাতটি কারখানা — প্যাসিফিক জিনস, জিনস ২০০০, ইউনিভার্সেল জিনস, এনএইচটি ফ্যাশন, প্যাসিফিক অ্যাকসেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার ও প্যাসিফিক অ্যাটায়ার্স — অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ৩৫ হাজার শ্রমিক হঠাৎই কর্মহীন হয়ে পড়েছেন।
এর ঠিক একদিন আগে, ১৬ অক্টোবর, সিইপিজেডের অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিক্যাল প্রোডাক্টের আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ১৭ ঘণ্টার প্রচেষ্টা লাগে। ততক্ষণে কারখানার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় তিন হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ধোঁয়া নিভে গেলেও শ্রমিকদের চোখেমুখে এখনো অনিশ্চয়তার ছাপ। প্যাসিফিক জিনস গ্রুপের শ্রমিক কবির হোসেন বলেন,
আরও পড়ুন
ইইউর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় বিপর্যয়
“আমাদের একটি পক্ষ মালিককে কারখানা বন্ধ করতে বাধ্য করেছে। এতে ৩৫ হাজার শ্রমিক এখন বেকার। মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না।”তিনি জানান, ব্যাংক থেকে সঞ্চয় তুলতে পারছেন না, বাধ্য হয়ে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিতে হচ্ছে।
একই প্রতিষ্ঠানের আরেক শ্রমিক মো. সালাউদ্দিন আরও করুণ পরিস্থিতির কথা জানান,
“আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। চাকরি হারানোর পর স্ত্রী বলেছে, শেষ সম্বল তিন আনা ওজনের কানের দুল বিক্রি করে ছোট পান-সিগারেটের দোকান দেব। যদি কিছু না হয়, সেটাই করতে হবে।”
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের তথ্যমতে, ২০০৫ সালে চট্টগ্রামে নিবন্ধিত পোশাক কারখানার সংখ্যা ছিল ৬৯৯টি, এর মধ্যে সচল ছিল ৬১০টি। বর্তমানে সচল কারখানা রয়েছে মাত্র ৩৪১টি। অর্থাৎ ২৬৯টি কারখানায় ইতিমধ্যেই তালা ঝুলছে। এতে অন্তত অর্ধলক্ষাধিক শ্রমিক স্থায়ীভাবে কাজ হারিয়েছেন।
শুধু সিইপিজেড নয়, এর বাইরেও পরিস্থিতি ভয়াবহ। গত ২৫ সেপ্টেম্বর নাসা গ্রুপ তাদের দুটি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এতে আরও ২ হাজার ৫০০ শ্রমিক চাকরি হারান।
বিজিএমইএর সাবেক সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন,
“যেভাবে ম্যানেজিং স্টাফদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব ও শারীরিক সংঘর্ষ দেখা যাচ্ছে, এতে সামনে কারখানা চালানোই কষ্টকর হয়ে উঠবে। আমি এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সরকারকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।”
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দেশের প্রথম ইপিজেড হিসেবে যাত্রা শুরু করে মাত্র ১০টি কারখানা ও ৬২৪ জন শ্রমিক নিয়ে। প্রথম অর্থবছরেই (১৯৮৩-৮৪) রপ্তানি আয় ছিল মাত্র এক লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এরপর চার দশকে সিইপিজেডের রপ্তানি বেড়ে দাঁড়ায় এক বিলিয়ন ডলারেরও বেশি। শ্রমিক সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই লাখের কাছাকাছি। বর্তমানে এখানে ১৩টি দেশের দুই দশমিক দুই বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ রয়েছে।
কিন্তু সাম্প্রতিক অস্থিরতা ও অগ্নিকাণ্ডের পর এই বিনিয়োগ এখন মারাত্মক হুমকির মুখে। শিল্প বিশেষজ্ঞদের মতে, পোশাক খাতের মতো সংবেদনশীল সেক্টরে ধারাবাহিক শ্রমিক অস্থিরতা দেশের রপ্তানি সক্ষমতা ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর।
বাংলাদেশের পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ। এই খাতের প্রাণকেন্দ্র চট্টগ্রাম ইপিজেডে যদি স্থিতিশীলতা ফিরিয়ে আনা না যায়, তবে পুরো রপ্তানি অর্থনীতিই বড় সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।