দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে মরক্কো থেকে ৪০ হাজার টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৮তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কৃষি মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী, সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এস.এ. থেকে এই সার কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৮৬৬ মার্কিন ডলার। সব মিলিয়ে ৪০ হাজার টন সার কিনতে ব্যয় হবে আনুমানিক ৪২৭ কোটি ৮১ লাখ টাকা।
সংশ্লিষ্টরা জানান, সারের চালানটি মরক্কোর জর্ফ লাসফার বন্দর থেকে বাংলাদেশে আনা হবে এবং পরিবহনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সার পৌঁছে দিতে বিদ্যমান জিটুজি চুক্তির আওতায় নিয়মিতভাবেই মরক্কো থেকে ডিএপি সার আমদানি করে আসছে সরকার।
আরও পড়ুন
বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
একই বৈঠকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নতুন লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দেওয়া হয়, যা প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৩.৭০০ মার্কিন সেন্ট বা প্রায় ৪ টাকা ৫৪ পয়সা। এ ছাড়া চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের কাজ তদারকির জন্য প্রায় ১৭৬ কোটি ৩০ লাখ টাকায় এসএমইসি ইন্টারন্যাশনাল-সংশ্লিষ্ট একটি যৌথ উদ্যোগকে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবও অনুমোদন পায়।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।