আন্তর্জাতিক বিরতি শেষে আবারও মাঠে ফিরতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ১৯ অক্টোবর লা লিগায় হেতাফের বিপক্ষে খেলবে ইউরোপের এই মহাতারকায় ভরপুর দলটি। কিন্তু ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু একজন—এনদ্রিক ফিলিপে মোরেইরা দে সৌজা, মাত্র ১৯ বছর বয়সী সেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যিনি রিয়ালে যোগ দিয়েছিলেন তুমুল প্রত্যাশা নিয়ে, এখন কাটাচ্ছেন অনিশ্চয়তায় ভরা এক সময়।
যদি হেতাফের বিপক্ষেও মাঠে নামার সুযোগ না পান, তবে তাঁর মাঠের বাইরে থাকা সময় দাঁড়াবে ১৫৪ দিন—অর্থাৎ প্রায় পাঁচ মাসের অপেক্ষা!
এনদ্রিক সর্বশেষ খেলেছিলেন ১৮ মে, গত মৌসুমে সেভিয়ার বিপক্ষে ম্যাচে। সেই সময়টায় রিয়ালে অনেক কিছুই বদলে গেছে—
নতুন কোচ হিসেবে এসেছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন কিংবদন্তিদের ৯ নম্বর জার্সি, দু’বার চোটে পড়েছেন, এমনকি গ্রীষ্মকালীন দলবদলের সময় তাকে ঘিরে উঠেছিল ট্রান্সফার গুঞ্জন। তবু ক্লাব ছাড়েননি তিনি, কারণ এখনো বিশ্বাস করেন, রিয়ালের জার্সিতেই আসবে তার আসল মুহূর্ত।
এরই মধ্যে তিনবার আন্তর্জাতিক বিরতি গেছে—সবগুলোই দলের বাইরে থেকে কাটিয়েছেন এই তরুণ। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪–১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এনদ্রিক। এরপর নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নিলেও, ডাক আসেনি।
আরও পড়ুন
এমবাপ্পের একমাত্র গোলে গেতাফেকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
ব্রাজিল দলের নতুন কোচ আনচেলত্তির অধীনে এখনো সুযোগ পাননি এনদ্রিক। ফলে তাঁর বিশ্বকাপ–স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়েছে। এক সময় যাকে বলা হচ্ছিল “ব্রাজিলের নতুন বিস্ময়বালক”, সেই এনদ্রিক এখন সংগ্রামের এক বাস্তবতায়।
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এখন ভিনিসিয়ুস, রদ্রিগো, বেলিংহাম, গার্সিয়ার মতো খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পাচ্ছেন। তাদের ভেতর জায়গা পাওয়া সহজ নয়। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনো এনদ্রিককে ‘ভবিষ্যতের তারকা’ হিসেবেই দেখছে।
যদি ১৯ অক্টোবর হেতাফের বিপক্ষে তাকে সুযোগ দেওয়া হয়, সেটাই হতে পারে তার জন্য নতুন শুরু। কারণ, রিয়ালে জায়গা পেতে শুধু অপেক্ষা নয়—প্রমাণও দরকার, কেন তাকে নিয়ে এত প্রত্যাশা ছিল।
দীর্ঘ বিরতি শেষে এনদ্রিক যদি আবার বার্নাব্যুর সবুজ ঘাসে নামতে পারেন, হয়তো এ গল্প বদলে যাবে—এক প্রতিশ্রুতিশীল প্রতিশোধের গল্পে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।