জামায়াতের নেতৃত্বে কে আসছেন? ডিসেম্বরেই হবে নতুন আমির নির্বাচন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হবে। এ প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে—ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হচ্ছেন, নাকি আসছেন নতুন মুখ?
জামায়াত সংশ্লিষ্টদের মতে, ডা. শফিকুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে দলের ভাবমূর্তি ইতিবাচকভাবে বদলেছে। সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি ও জনপ্রিয়তার কারণে তিনি এখনও অনেক নেতাকর্মীর প্রথম পছন্দ। তবে সম্প্রতি ওপেন হার্ট সার্জারির পর তার শারীরিক অবস্থাও নির্বাচনী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, রুকনদের ভোটে আমির নির্বাচিত হন। প্রথমে কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যরা তিনজন প্রার্থীর একটি প্যানেল প্রস্তাব করেন। পরে জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি ভোট দিয়ে পরবর্তী আমির নির্বাচন করেন। নির্বাচিত ব্যক্তি শপথ নেন প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে।
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার আমির নির্বাচিত হন এবং ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি দলটির সপ্তম আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীতে ছয়জন নেতা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মকবুল আহমদ এবং এরপর ডা. শফিকুর রহমান টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, “আমির নির্বাচনের সময়সীমা ডিসেম্বরেই। ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। কারা প্যানেলে আসবেন, তা এখন বলা সম্ভব নয়। সবকিছু হবে গঠনতন্ত্র অনুযায়ী।”
নেতাকর্মীদের একটি অংশের অভিমত, শরীরিকভাবে সুস্থ থাকলে ডা. শফিকুর রহমানের পুনরায় নেতৃত্বে আসা দলের জন্য মঙ্গলজনক হবে। অন্যথায় গঠনতন্ত্র অনুসারে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।