নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামলেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের মেয়েদের। সোবহানা মোস্তারির দুর্দান্ত ৬৬ রানের ইনিংসে ভর করে ১৯৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলির বিধ্বংসী সেঞ্চুরিতে সেই রান পাহাড় প্রমাণ সহজ হয়ে ওঠে। হিলির অনবদ্য ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয়ে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া, এবং নিশ্চিত করে বিশ্বকাপের সেমিফাইনাল।
বাংলাদেশের ইনিংসের মূল ভরসা ছিলেন সোবহানা মোস্তারি। তিনি অপরাজিত থাকেন ৬৬ রানে, খেলেন ৯৩ বল। ইনিংসে ছিল ৮টি চার। তার শান্ত ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলটি ৫০ ওভার শেষে ১৯৮ রানে পৌঁছায়। তবে অন্য প্রান্তে কেউ বড় ইনিংস খেলতে না পারায় প্রত্যাশিত রান পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন অ্যাশলে গার্ডনার, তিনি নিয়েছেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার হিলি ও ফোবে লিচফিল্ড বাংলাদেশি বোলারদের একেবারেই কোনো সুযোগ দেননি। হিলি আজ খেলেছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস—মাত্র ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান। ইনিংসে ছিল ২০টি চার। এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি, এর আগে ভারতের বিপক্ষে করেছিলেন ১৪২ রান। অন্য ওপেনার ফোবে লিচফিল্ড অপরাজিত থাকেন ৮৪ রানে, যার মধ্যে ছিল ১২ চার ও ১ ছক্কা।
বাংলাদেশের বোলাররা আজ ছিলেন ব্যর্থ ও ব্যয়বহুল। রিতু মনি ৭ ওভারে ৫৪ রান দেন, ফারিহা তৃষ্ণা ৫.৫ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন খরুচে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬ জন বোলার ব্যবহার করেও কোনো উইকেটের দেখা পাননি।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ১৯৮ রানে থামল বাংলাদেশ নারী দল
এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর এটি বাংলাদেশের টানা চতুর্থ পরাজয়। সামনে টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশ দলকে এখন ঘুরে দাঁড়াতে হবে জয়ের বিকল্পহীন পরিস্থিতিতে।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।