দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন ইতিহাস লিখল আর্জেন্টিনার তরুণরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বৃহস্পতিবার চিলির রাজধানী সান্তিয়াগোর স্তাডিও ন্যাশিওনাল জুলিও মার্টিনেজ প্যারাডানোসে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় তুলে নেয় যুবা আলবিসেলেস্তেরা।
পুরো ম্যাচে আর্জেন্টিনা নিয়ন্ত্রণে রাখলেও কলম্বিয়া ছিল দারুণ প্রতিরোধী। প্রথমার্ধে দুপক্ষই গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৭২তম মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি জালের দেখা পান। তার গোলেই ফাইনালের স্বপ্ন পূরণ হয় তরুণদের।
গোল হজমের পর আক্রমণে ফেরার চেষ্টা করে কলম্বিয়া, কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এদিকে, অন্য সেমিফাইনালে মরক্কো দারুণ লড়াই করে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই প্রথমবার অনূর্ধ্ব-২০ পর্যায়ে ফাইনালে উঠেছে মরক্কো। দলটির বেশিরভাগ ফুটবলার ইউরোপের নামকরা ক্লাব একাডেমিতে বেড়ে ওঠা তরুণ, যারা বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর হয়ে খেলছেন।
আরও পড়ুন
ইয়াসির জাবিরির জোড়ায় ইতিহাস গড়ল মরক্কো, আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ ফাইনাল। যুব ফুটবলে ঐতিহ্যবাহী শক্তি আর্জেন্টিনার সামনে থাকবে চ্যালেঞ্জ—অপ্রতিরোধ্য মরক্কোকে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জেতা। অন্যদিকে, ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মরক্কো নামবে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপার জন্য।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।