নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের তরুণ কৃষি-উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা ,’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ববৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। অধ্যাপক ইউনূস বলেন, “এই তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা, কৃষি ও মৎস্য খাতের কর্মসংস্থান এবং সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
বৈঠকে বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ, জলবায়ু-সহনশীল কৃষি উদ্যোগ, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, “আমরা এখনো গভীর সমুদ্র মৎস্য আহরণে যেতে সাহস পাই না। প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে এই খাতে আইএফএডি বড় ভূমিকা রাখতে পারে।”
প্রেসিডেন্ট লারিও জানান, ইফাদ ইতোমধ্যে বাংলাদেশে ছয়টি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে এবং আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন। তিনি সামাজিক ব্যবসায় অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ইফাদের সহ-সভাপতি ডোনাল ব্রাউন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তুতি
অধ্যাপক ইউনূস ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সহযোগিতার সম্ভাব্য খাতগুলো খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।