আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর এবার ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের আগে আজ (বুধবার) দুপুরে ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল, যেখানে কয়েকটি পরিবর্তন এনেছে নির্বাচকরা।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে বাদ পড়েছেন নাঈম শেখ এবং নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম মাত্র এক ম্যাচ খেলেই সমালোচনার মুখে পড়েছিলেন তার ব্যাটিং ব্যর্থতার কারণে। দেশে ফেরার পর বিমানবন্দরে শুনতে হয়েছে সমর্থকদের দুয়োধ্বনি। তবে জাকের আলী অনিক এশিয়া কাপ থেকে ধারাবাহিকভাবে খারাপ খেললেও জায়গা ধরে রেখেছেন দলে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার মহিদুল ইসলাম অংকন, যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে এসেছেন। উইকেটরক্ষক হিসেবে থাকছেন দুইজন—জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, সাথে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
আরও পড়ুন
মিরপুরে স্পিনে ভরসা, দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অন্যদিকে, বাদ পড়া নাহিদ রানা শেষ ম্যাচে সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। আফগানিস্তান সিরিজে দলের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতাই ছিল হতাশার মূল কারণ, যা কাটিয়ে উঠতে নতুন সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ দল এখন ঘরের মাঠে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে মুখিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয় পেলে সেটা হবে সাম্প্রতিক ব্যর্থতা কাটানোর বড় সুযোগ।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।